চলচ্চিত্র ব্যবসা ধ্বংসের নেপথ্যে ‘মাস্টার’ সিন্ডিকেট?

সংবাদ সম্মেলনে হল মালিকদের বিস্ফোরক অভিযোগ • অতিরিক্ত ভাড়া, প্রদর্শনী নিয়ন্ত্রণ ও পাইরেসিতে সম্পৃক্ততার দাবি

দেশের চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় এক বিতর্কিত ব্যক্তি সহিদুল্লাহ মাস্টারকে ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন প্রেক্ষাগৃহ মালিকরা। তাদের দাবি, এই ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের কারণে চলচ্চিত্র ব্যবসা আজ সংকটের মুখে।

বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হল মালিকরা অভিযোগ করেন, সহিদুল্লাহ মাস্টার প্রভাব খাটিয়ে চলচ্চিত্র প্রদর্শনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে হল মালিকদের জিম্মি করে রাখেন। তারা বলেন, “নির্দিষ্ট কিছু সিনেমা ছাড়া হল চালাতে দেওয়া হতো না। বিশেষ করে শাকিব খান ছাড়া অন্যদের সিনেমা চালাতে বাধা দেওয়া হতো নিয়মিতভাবে।”

অভিযোগে আরও বলা হয়, এই সিন্ডিকেটের কারণে অনেক প্রযোজক ও হল মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা দাবি করেন, চলচ্চিত্রে পাইরেসি বিস্তারের পেছনেও এই চক্রের ভূমিকা রয়েছে। তাদের ভাষ্য, “সহিদুল্লাহ মাস্টারের হাত ধরেই পাইরেসি নতুন মাত্রা পায়, যা দেশের চলচ্চিত্র শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”

সহিদুল্লাহ মাস্টারের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেছে। জানা যায়, একসময় তিনি জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনার ব্যক্তিগত শিক্ষক ছিলেন এবং পরবর্তীতে চলচ্চিত্র বিতরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হন। তবে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তিনি কখনো প্রকাশ্যে বক্তব্য দেননি।

সংবাদ সম্মেলনে হল মালিকরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। তারা বলেন, “চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে এ ধরনের সিন্ডিকেট ভাঙতেই হবে।”

এ বিষয়ে সহিদুল্লাহ মাস্টারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নির্বাহী সম্পাদক: সোহেল হাওলাদার
ডেইলি পূর্বাচল

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   2   =