নিষিদ্ধ পলিথিনে ভরপুর বাজার

ঢাকা, ০২ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে নতুন করে জোরালোভাবে শুরু হয় নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ। সিদ্ধান্ত নেওয়া হয়—বাজারের সব স্তর থেকে পলিথিন সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা থাকলেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। বাজারের ছোট-বড় প্রায় সব দোকানেই অবাধে চলছে পলিথিনের ব্যবহার। সবজি, মাছ, মাংস—প্রতিটি পণ্যের সঙ্গেই দেওয়া হচ্ছে পলিথিন ব্যাগ।

বাজারের বর্জ্য ব্যবস্থাপনাতেও দেখা যায় একই চিত্র। ময়লা বহনকারী ভ্যানগুলো ভর্তি থাকছে ব্যবহৃত পলিথিনে, যা স্পষ্ট করে দেয় নিষিদ্ধ ঘোষণার পরও এর ব্যবহার কতটা ব্যাপক।

ব্যবসায়ীরা বলছেন, পলিথিন বন্ধ করতে হলে আগে সহজলভ্য বিকল্প নিশ্চিত করতে হবে। অনেকের মতে, ক্রেতারা যদি নিজস্ব ব্যাগ বা ঝুড়ি নিয়ে বাজারে আসেন, তবে পলিথিনের ব্যবহার অনেকটাই কমে আসবে।

অন্যদিকে ক্রেতাদের কেউ কেউ নিজেদের দোষ স্বীকার করলেও, অনেকে দায় চাপাচ্ছেন সরকারের ওপর। তাদের অভিযোগ—নিষিদ্ধ পলিথিন ব্যবহারে কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ নেই।

পরিসংখ্যান বলছে, ঢাকাসহ সারা দেশে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার পলিথিন বেচাকেনা হচ্ছে। সে হিসাবে বছরে অন্তত ২০ হাজার কোটি টাকার একটি বিশাল বাজার গড়ে উঠেছে, যা নিষিদ্ধ পণ্যের ক্ষেত্রেও নিয়ন্ত্রণের ঘাটতির ইঙ্গিত দেয়।

পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধে কঠোর নজরদারি এবং কার্যকর বিকল্প ব্যবস্থা এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   2   =