নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ:
দুলদুল পরিবহন প্লাস লিমিটেড গত ২৬ জানুয়ারি ২০২৬ থেকে যাত্রা শুরু করে টানা তিন মাস ধরে নিয়মিতভাবে যাত্রীসেবা দিয়ে আসছে। প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অন্যান্য কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী যেখানে গাউসিয়া থেকে গাজীপুর চৌরাস্তা রুটে জনপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে, সেখানে দুলদুল পরিবহন প্লাস ব্যতিক্রমী উদ্যোগ নেয়। তারা নির্ধারণ করে মাত্র ১০০ টাকা ভাড়া, যা ঈদের সময়েও অপরিবর্তিত ছিল।
এতে করে সাধারণ যাত্রীদের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে আসে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এই উদ্যোগটি প্রশংসিত হয়েছে।
জানা যায়, এই বিশেষ বাস সার্ভিসটি বর্তমানে ২০টি বাস দিয়ে পরিচালিত হচ্ছে। প্রতি ২০ মিনিট পরপর গাউসিয়া থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। কাঞ্চন, কালনী, উলুখোলা ও মীরের বাজার হয়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছেন মাত্র ৪০ থেকে ৫০ মিনিট (যানজট ছাড়া)।
এই সার্ভিস চালুর ফলে মদনপুর, সোনারগাঁ, কাচপুর, ভুলতা, গাউসিয়া, মুড়াপাড়া, রূপগঞ্জ ও কাঞ্চন এলাকার যাত্রীদের যাতায়াতে ব্যাপক সুবিধা সৃষ্টি হয়েছে।
দুলদুল পরিবহন প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, “জনগণের কাঙ্ক্ষিত স্বস্তি নিশ্চিত করা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।”


