নিজস্ব প্রতিবেদক: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক | দৈনিক পূর্বাচল
গোপালগঞ্জে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা আপাতত সংস্কার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্ধ থাকছে ট্রেন ও উন্নয়ন বরাদ্দ। ফরিদপুর অঞ্চলেও বল প্রয়োগের বদলে গণতান্ত্রিক কৌশল নেওয়ার সিদ্ধান্ত বিএনপির বৈঠকে। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচল-এ।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাম্প্রতিক তাণ্ডবে ধ্বংসপ্রাপ্ত সরকারি-বেসরকারি স্থাপনাগুলো আপাতত মেরামত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো বর্তমান অবস্থায় রেখে দেওয়ার পাশাপাশি ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখা এবং নতুন উন্নয়ন প্রকল্প ও সরকারি অর্থ বরাদ্দ সাময়িকভাবে স্থগিত রাখার কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীনরা। তবে আধুনিক প্রযুক্তির সহায়তায় সহিংসতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুর সাংগঠনিক বিভাগের দলীয় সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের এই অবস্থানের কথা জানানো হয়। বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
বল প্রয়োগ নয়, ‘গোপালগঞ্জ নীতি’তেই নিয়ন্ত্রণ
সরকার মনে করছে, সহিংসতার বিপরীতে কঠোর বল প্রয়োগ না করে ধৈর্য ও গণতান্ত্রিক আচরণ দেখানোর যে ‘গোপালগঞ্জ নীতি’ নেওয়া হয়েছে, তা অত্যন্ত কার্যকর। আগামীতে পার্শ্ববর্তী ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় কোনো ধরনের অস্থিতিশীলতা বা জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার একই কৌশলে পরিস্থিতি মোকাবিলা করবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক এবং সেলিমুজ্জামান সেলিমসহ স্থানীয় শীর্ষ নেতারা।
সংস্কার বিলম্বের নেপথ্যে যে শঙ্কা
চলতি মাসের শেষ দিকে এবং আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন কর্মসূচির ঘোষণা রয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দলটির নেত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা করছে সরকার ও ক্ষমতাসীন দল বিএনপি। তাদের ধারণা, এ সময়ে দলটির কর্মী-সমর্থকরা আবারও সরকারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে। মূলত পুনরায় হামলার ঝুঁকি এড়াতেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংস্কারকাজ এখনই শুরু করা হচ্ছে না।
সাময়িক ভোগান্তি ও রাজনৈতিক কৌশল
বৈঠকে বিএনপি নেতারা উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতায় থানা, ব্যাংক, হাসপাতাল, সরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি সড়ক খুঁড়ে ও গাছ কেটে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত করা হয়েছে। যেসব রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে, তার মূল সুবিধাভোগী ছিলেন স্থানীয় বাসিন্দারাই। তাই এমন ধ্বংসযজ্ঞের পর নাগরিকসেবায় সাময়িক বিঘ্ন ঘটা স্বাভাবিক। তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে পুনরায় সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিকসেবা চালু করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, বৃহত্তর ফরিদপুর অঞ্চল দীর্ঘদিন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও বিগত জাতীয় নির্বাচনে ওই সমর্থকদের অন্তত ২০ শতাংশ বিএনপিকে ভোট দিয়েছেন। ফলে ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও দমন-পীড়নের পথে না গিয়ে রাজনৈতিক ধৈর্যের পরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের বিশ্বাস, সময়ের সাথে সাথে ভুল বুঝতে পেরে সাধারণ কর্মী-সমর্থকরা সহিংসতা পরিহার করে বিএনপির রাজনীতিতে যুক্ত হবেন।
এছাড়া আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে ফরিদপুর বিভাগের প্রতিটি জেলায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার জন্য স্থানীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।


