জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে স্লোগান দেওয়ার অভিযোগে তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মোসা. তাহমিনা আক্তার নামে ওই নারীকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা তিন সন্তানও উপস্থিত ছিল।
আটক তাহমিনা আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করছেন। আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করলেও বর্তমানে তিনি কর্মহীন। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
তার ভাষ্য অনুযায়ী, তিনি সকালে বাসে করে তিন সন্তানকে সঙ্গে নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। সন্তানদের তিনি স্বেচ্ছায় সঙ্গে এনেছেন বলেও জানান।


