জাতীয়

সারাদেশে সাঁড়াশি অভিযান: কুমিল্লায় ৬৪ নেতাকর্মী আটক, বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও বিস্ফোরণ | দৈনিক পূর্বাচল

দৈনিক পূর্বাচল/ জাতীয় ডেস্কপ্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ |

জননিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত দলটির ৬৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে খুলনা, ঝিনাইদহ, টাঙ্গাইল ও নেত্রকোনায় ককটেল বিস্ফোরণ, দলীয় কার্যালয় এবং আর্থিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান গত ১৯ ও ২০ নভেম্বর ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সর্বমোট ২৮৮ জনকে আটক করা হয়, যার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ জন রয়েছেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

ঝিনাইদহে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গত শুক্রবার গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাবপত্র ভস্মীভূত হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

খুলনায় গণপিটুনি, আটক ও ককটেল বিস্ফোরণ খুলনার রূপসা উপজেলার সেনেরবাজার এলাকা থেকে গতকাল শনিবার বিকেলে মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। রূপসা থানার ওসি মাসুম খান জানান, আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ডের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে।

অন্যদিকে, শনিবার সন্ধ্যায় নগরীর ফুলবাড়ী গেট এলাকার জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয় থেকে ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার ও নথিপত্র উদ্ধারের ঘটনায় এটিএম লাইসুজ্জামান (৫০) নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মিরাজ নামে একজনকে আটক করা হয়। তবে খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

এছাড়া শনিবার ভোরে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ওসি অরূপ কুমার চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত ও বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে।

টাঙ্গাইল ও নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক শাখায় হামলা গত শুক্রবার মধ্যরাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, আগুনে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

একই রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, নিক্ষিপ্ত বোমাগুলোর একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী ও জামালপুরে দুই নেতা গ্রেপ্তার এদিকে, রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া এলাকা থেকে শনিবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গত শুক্রবার রায়দেরপাড়া এলাকা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছকে (৫৫) গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

প্রতিবেদক: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাচল (www.dailypurbachal.com)

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment