ডিসিপি জটিলতায় ঈদের প্রথম দিনই দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে চলেনি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’। এর ফলে প্রথম দিনে অনেক দর্শক ছবিটি দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেকে আবার শাকিবের সিনেমা না দেখে অন্য সিনেমা দেখেছেন। সিনেপ্লেক্সের বাইরে কয়েকটি হলেও সার্ভার জটিলতায় চালানো যায়নি ছবিটি। এদিকে দ্বিতীয় দিন রাতে প্রদর্শনের সমস্যা সমাধানের পর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় শো পায় ঈদের অন্যতম আলোচিত এই সিনেমা।
অন্য হলগুলোতে দ্রুত চালানো হবে ছবিটি। তবে প্রথম দিন সিনেপ্লেক্সের কোনো শাখায় শো না পাওয়া ‘প্রিন্স’-এর জন্য বড় ধাক্কা। সেই ধাক্কা সামলে ফের শুরু হয়েছে শো। সিনেপ্লেক্সসহ কিছু হলে প্রথম দিন না চললেও দেশের সবচেয়ে বেশি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় ‘প্রিন্স’ ছবিটি। তবে অনেক হলেই আশানুরূপ সাড়া মেলেনি। ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’-এর মতো ছবির পর ‘প্রিন্স’ নিয়ে হাইপ উঠলেও অনেক দর্শক হল থেকে বের হয়ে ছবিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেকে শাকিবের লুকের প্রশংসা করলেও নির্মাণ ও গল্পের দুর্বলতার কথা জানিয়েছেন। ‘প্রিন্স’ নির্মাণ করেছেন ছোট পর্দার পরিচালক আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ আর ওপার বাংলার জ্যোতির্ময় কুণ্ডু। এর শুটিং হয়েছে ভারত ও শ্রীলঙ্কায়। ছবিটির ট্রেলার প্রকাশের পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে ভিএফএক্স দুর্বলতা নিয়ে সমালোচনার মুখে পড়ে ‘প্রিন্স’।
মুক্তির পরও ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন দর্শক। মুক্তির প্রথম চার দিন আশানুরূপ ফলাফল কিংবা দর্শক রিভিউও পায়নি ছবিটি। সমালোচনা হচ্ছে ছবির ভিএফএক্স নিয়েও। এ ছবির বিপরীতে আফরান নিশোর ‘দম’ এবং সিয়াম আহমেদের ‘রাক্ষস’ নিয়ে বরঞ্চ ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দর্শক। যদিও অন্তত এক সপ্তাহ না গেলে পুরো চিত্রটা বোঝা বেশ কঠিন, তারপরও বলা যায়, ‘প্রিন্স’ নিয়ে মুক্তির আগে যে প্রত্যাশা ছিল, তা প্রথম চারদিনে অন্তত পূরণ হয়নি।


