বিনোদন

অবস্থার অবনতি, আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু | দৈনিক পূর্বাচল

বিনোদন প্রতিবেদক, ঢাকা | দৈনিক পূর্বাচল :

অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকুকে আইসিইউতে নেওয়া হয়েছে। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশিষ্ট লেখক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মাতিয়া বানু শুকুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা (স্যাচুরেশন) আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে তাঁকে কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন মাতিয়া বানু শুকু। সম্প্রতি ক্যানসার শরীরে ছড়িয়ে পড়ায় তাঁর শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে এবং অক্সিজেন স্যাচুরেশন দ্রুত নিচে নামতে থাকে। বর্তমানে তাঁকে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে ইতোমধ্যে তাঁর শরীরে ‘সিভি লাইন’ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ভাষাসৈনিক আব্দুল মতিনের কন্যা এবং প্রখ্যাত নির্মাতা নূরুল আলম আতিকের সহধর্মিণী মাতিয়া বানু শুকু দেশের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের একজন গুণী ব্যক্তিত্ব। নাট্যকার ও পরিচালক হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’র প্রযোজক। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবার ও সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment