নিজস্ব প্রতিবেদক, ঢাকা | দৈনিক পূর্বাচল
-
রাজধানী ঢাকায় নভেম্বরের ১৬ দিনেই ৮৫টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সাভার-কেরানীগঞ্জে তৈরি হচ্ছে হাতবোমা, কাঁচামাল আসছে পদ্মার ওপার থেকে। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
-
চলমান রাজনৈতিক অস্থিরতায় রাজধানী ঢাকায় জনমনে নতুন আতঙ্ক ছড়াচ্ছে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত তিন মাসে শহরে মোট ১২১টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে চলতি নভেম্বরের প্রথম ১৬ দিনে—এই স্বল্প সময়েই ৮৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে, যা আগের দুই মাসের সম্মিলিত পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, রাজধানীতে ব্যবহৃত এসব হাতবোমা ঢাকার বাইরে তৈরি হয়ে গোপনে শহরে ঢুকছে। বিশেষ করে সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অস্থায়ী আস্তানা গড়ে ককটেল তৈরি করা হচ্ছে। আর এই বিস্ফোরক তৈরির মূল কাঁচামাল আসছে পদ্মার ওপারের জেলা শরীয়তপুরের জাজিরা ও আশপাশের অঞ্চল থেকে।
ভয়ংকর রূপ নিচ্ছে হাতবোমা, বাড়ছে কারিগরদের কদর বিস্ফোরক বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগে কেবল বিকট শব্দ ও ধোঁয়া তৈরি করে ভীতি ছড়ানোর জন্য ককটেল ব্যবহার করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ককটেলগুলোতে লোহার টুকরা, কাচ ও তারকাঁটার মতো প্রাণঘাতী স্প্লিন্টার পাওয়া যাচ্ছে। রাজনৈতিক উত্তেজনা বাড়ায় অর্ধশতাধিক তালিকাভুক্ত কারিগরের পাশাপাশি উপকণ্ঠের শতাধিক কারিগর এখন সক্রিয় হয়ে উঠেছে এবং হাতবোমার দামও চড়া।
অর্থের প্রলোভনে ভাড়াটে নিক্ষেপকারী ও শিশু-কিশোর পুলিশি তদন্তে উঠে এসেছে, নাশকতার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী ও অর্থদাতারা আড়ালে থেকে অর্থের বিনিময়ে ভাড়াটে লোক দিয়ে ককটেল নিক্ষেপ করাচ্ছে। প্রতিটি ককটেল ছুড়তে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। উদ্বেগজনক বিষয় হলো, এই ঝুঁকিপূর্ণ কাজে ছিন্নমূল শিশু-কিশোর এবং ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকদের ব্যবহারের প্রমাণ মিলেছে।
নেটওয়ার্ক ভাঙতে চার জেলায় বিশেষ নজরদারি ডিএমপির তথ্য অনুযায়ী, গত তিন মাসে বিস্ফোরণের ঘটনায় ১০৭টি মামলায় ১৯৬ জনকে গ্রেপ্তার ও ৭৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নভেম্বরের ১৬ দিনেই ৭৯ মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৩০ জন। সম্প্রতি রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে দুই কেজির বেশি গানপাউডারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুরো সিন্ডিকেট নির্মূল করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন ও এসআরবির উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, নাশকতা প্রতিরোধে রাজধানীতে চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তবে এই অভিযানে কোনো নিরপরাধ নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা।


