নিজস্ব প্রতিবেদক, ঢাকা | দৈনিক পূর্বাচল
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ও আশনা হাবিব ভাবনা অভিনীত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শিকড় ও ইতিহাসের এই সিনেমাটি নিয়ে বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘আনজুম’-এর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
দেশভাগের উত্তাল সময় এবং তৎকালীন পূর্ব বাংলার মানুষের অস্তিত্বের লড়াইকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘যাপিত জীবন’-এর গল্প। দীর্ঘদিন ধরে সিনেমাটি নির্মাণের বিভিন্ন ধাপ পেরিয়ে এবার দর্শকের সামনে আসার প্রস্তুতি নিচ্ছে।
‘শিকড় ও ইতিহাসের গল্প’: ভাবনা চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বলেন, ‘যাপিত জীবন’ কেবল একটি সিনেমা নয়, এটি আমাদের শিকড়, অস্তিত্ব ও ইতিহাসের গল্প। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের ঐতিহাসিক গল্প দর্শক কতটা গ্রহণ করবে, তা নিয়ে শুরুতে আমার নিজেরও একটি প্রশ্ন ছিল। কারণ, এখনকার দর্শকরা সাধারণত কমার্শিয়াল সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলারধর্মী কনটেন্ট বেশি পছন্দ করছেন। তবে আমি বিশ্বাস করি, আমাদের এই সিনেমার গল্পের মধ্যে এক ধরনের গভীর স্থিরতা ও আবেদন রয়েছে, যা দর্শকদের ভাবাবে।”
চ্যালেঞ্জিং নির্মাণ ও প্রস্তুতি ১৯৪৭ সালের প্রেক্ষাপটকে বর্তমান সময়ে পর্দায় জীবন্ত করে তোলা নির্মাতাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এ বিষয়ে ভাবনা বলেন, ‘এখনকার বাংলাদেশ আর ১৯৪৭ সালের বাংলাদেশ এক নয়। সেই সময়ের বাড়িঘর, পোশাক, পরিবেশ ও লোকেশন হুবহু ফিরিয়ে আনতে আমাদের অনেক প্রস্তুতি নিতে হয়েছে এবং প্রচুর গবেষণা করতে হয়েছে।’
সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার বাজেট ওই সময়ের সেট ও লোকেশন তৈরির জন্য যথেষ্ট ছিল না বলেও উল্লেখ করেন ভাবনা। তিনি বলেন, ‘সরকারি অনুদান হিসেবে আমরা নির্দিষ্ট অংকের অর্থ পেয়েছি, যা দিয়ে ওই সময়কে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন ছিল। তবুও টিমের সবার অক্লান্ত পরিশ্রমে আমরা কাজটি সম্পন্ন করেছি।’
আগামী ২০ নভেম্বর সিনেমাটি মুক্তির পর দর্শক এটিকে কীভাবে গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়। ঐতিহাসিক গল্পের প্রতি অনুরাগীদের ‘যাপিত জীবন’ প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


