ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি | দৈনিক পূর্বাচল :
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাসোহারার বিনিময়ে চলছে নিষিদ্ধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি, অবৈধ বিদ্যুৎ সংযোগেরও অভিযোগ।
সরকারি বিধিনিষেধ ও উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনাকে উপেক্ষা করে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং বিভিন্ন আঞ্চলিক সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার নিষিদ্ধ থ্রি-হুইলার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় নিয়মিত মাসোহারা আদায়ের মাধ্যমে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং ইজিবাইককে মহাসড়কে চলাচলের অবাধ সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে একদিকে তীব্র যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা, অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনার শঙ্কা।
মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বিশৃঙ্খলা
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাস্টারবাড়ি থেকে ভরাডোবা পর্যন্ত ব্যস্ততম অংশে প্রতিদিন অসংখ্য ধীরগতির তিন চাকার যানবাহন চলাচল করছে। দূরপাল্লার দ্রুতগতির বাস ও ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে এসব যান চলাচল করায় তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা।
শুধু মহাসড়কই নয়, উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও একই চিত্র বিরাজমান। বিশেষ করে ভালুকা-রাজৈ, ভরাডোবা-সাগরদীঘি, ভালুকা-ডাকাতিয়া, ভালুকা-গফরগাঁও, সিডস্টোর-কাচিনা ও সিডস্টোর-ঝালপাজা আঞ্চলিক সড়কগুলোতে ট্রাফিক আইন না মেনে কয়েক হাজার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে।
টোকেন ও মাসোহারা বাণিজ্য
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন নির্বিঘ্নে চলাচলের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অটোরিকশা চালক জানান, নির্ধারিত ‘টোকেন’ ছাড়া মহাসড়কে গাড়ি নামালেই জরিমানার মুখে পড়তে হয়। কিন্তু গ্যারেজ মালিকদের মাধ্যমে চক্রটির সঙ্গে মাসিক চুক্তিতে এলে আর কোনো বাধার সম্মুখীন হতে হয় না।
অভিযোগ অনুযায়ী, নির্বিঘ্নে চলাচলের শর্তে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশা থেকে মাসে ২ হাজার টাকা এবং ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাঁদা বা মাসোহারা আদায় করা হচ্ছে। তবে এই অর্থের নেপথ্য কারিগর ও সুবিধাভোগীদের বিষয়ে এলাকায় নানা গুঞ্জন থাকলেও অভিযুক্ত কারও বক্তব্য পাওয়া যায়নি।
গ্যারেজগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ
অটোরিকশার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভালুকা পৌরসভার মুচিভিটা, মেজরভিটা, টিঅ্যান্ডটি রোড এবং শিল্পাঞ্চল হবিরবাড়ি ও মাস্টারবাড়ি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ব্যাটারি চার্জিং গ্যারেজ। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ বিভাগের কতিপয় অসাধু কর্মচারীর যোগসাজশে এসব গ্যারেজের কয়েকটিতে অবৈধ সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। সচেতন মহলের মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব গ্যারেজের বৈধতা যাচাই ও জড়িতদের শনাক্ত করা জরুরি।
সচেতন মহলের দাবি ও প্রশাসনের বক্তব্য
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত বা অভিযান চালানো হলেও তা স্থায়ী সমাধান আনছে না। অভিযান শেষ হওয়ার পরপরই সড়ক আবারও আগের রূপে ফিরে যায়। তাই কেবল চালকদের জরিমানা না করে নেপথ্যে থাকা মাসোহারা আদায়কারী চক্র ও অবৈধ গ্যারেজ মালিকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ প্রসঙ্গে ভালুকা পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মজিদ বলেন, “পৌরসভাসহ শিল্পাঞ্চল হবিরবাড়ি ও মাস্টারবাড়ি এলাকার অটোরিকশা গ্যারেজগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোথাও অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মহাসড়কে অবৈধ যান চলাচল ও চাঁদাবাজির বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. খোরশেদ আলম জানান, “মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার চলাচল এবং মাসোহারা আদায়ের বিষয়টি আমাদের কানে এসেছে। এর নেপথ্যে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহন বন্ধে আমরা জোরালো পদক্ষেপ নিচ্ছি।”


