বিনোদন প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সোমবার (১৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। মূলত প্ল্যাটফর্মটির শীর্ষ নেতৃত্বে থাকা চিত্রনায়ক হেলাল খানের কর্মকাণ্ডের প্রতি অনাস্থা ও ক্ষোভ থেকেই তিনি দায়িত্ব ছাড়ার পথ বেছে নিয়েছেন।
বিবৃতিতে জয় চৌধুরী জানান, হেলাল খানের নেতৃত্বাধীন এই জোটের সাথে বর্তমানে তার পক্ষে আর কাজ করা সম্ভব হচ্ছে না।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জয় চৌধুরী সরাসরি হেলাল খানের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলে ধরেন। তার দাবি, হেলাল খান নিজেই সাধারণ শিল্পীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেছেন। শুধু তা-ই নয়, জয়ের উপস্থিতিতেই হেলাল খানের অনুসারী ও বহিরাগত কিছু লোক সাধারণ শিল্পীদের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের হুমকি দেয়।
এছাড়াও পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলে বর্তমান নির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়ার মতো স্পর্শকাতর হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন জয়। তিনি অভিযোগ করেন, সমিতির সদস্যদের জোরপূর্বক এফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) থেকে বের করে দেওয়ার মতো চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি প্রদর্শন করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সহকর্মীদের সম্মানহানি এবং এফডিসিতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদেই তিনি ১৯ সংগঠনের এই সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বার্তায় স্পষ্ট করেছেন। তবে এ বিষয়ে চিত্রনায়ক হেলাল খানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


