বিনোদন

শর্মিলা-পতৌদির ঐতিহাসিক প্রেম ও ধর্মান্তরের নেপথ্য কারণ: প্রায় ছয় দশক পর মুখ খুললেন কন্যা সাবা

বিনোদন ডেস্ক | দৈনিক পূর্বাচল:

প্রায় ছয় দশক পর শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদির বিয়ের নেপথ্য ও ধর্মান্তরের আসল কারণ ফাঁস করলেন তাদের কন্যা সাবা আলী খান। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

ষাটের দশকের বলিউড ও ক্রিকেটের এক অনন্য মেলবন্ধন ছিল শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদির প্রেম ও পরিণয়। ভিন্ন জগতের এই দুই তারকার সম্পর্ক তৎকালীন সমাজে বেশ আলোচনার ঝড় তুলেছিল। দীর্ঘ প্রায় ছয় দশক পর সেই বিয়ের নেপথ্য কাহিনী এবং ধর্মান্তরের কারণ নিয়ে বিস্ফোরক ও খোলামেলা আলোচনা করেছেন তাদেরই কন্যা সাবা আলী খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা জানিয়েছেন, মায়ের ধর্মান্তরিত হওয়ার বিষয়টি সম্পূর্ণ সামাজিক ও পারিবারিক স্বীকৃতির জন্য একটি অপরিহার্য পদক্ষেপ ছিল। পতৌদি পরিবারের রক্ষণশীল ঐতিহ্য এবং সমাজের প্রচলিত নিয়মের কারণেই মূলত এই সিদ্ধান্ত নিতে হয়েছিল।

পারিবারিক স্বীকৃতি ও ধর্ম বদলের বাধ্যবাধকতা

সিদ্বার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় সাবা আলী খান প্রকাশ করেন যে, তার দাদি তথা মনসুর আলী খানের মা যদি এই ধর্মান্তর না হতো, তবে কোনোভাবেই এই বিয়ে মেনে নিতেন না। তৎকালীন সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে বিয়ের আইনি ও পারিবারিক বৈধতা নিশ্চিত করতে এই পরিবর্তন প্রয়োজন ছিল।

যদিও নাম বদলে শর্মিলা ঠাকুর থেকে ‘আয়েশা সুলতানা’ রাখা হয়েছিল, তবুও কর্মজীবন বা চলচ্চিত্রে তিনি সবসময় তার পরিচিত ‘শর্মিলা ঠাকুর’ নামটিনেই অটল ছিলেন। পতৌদি পরিবারের পক্ষ থেকে কখনো তাকে পেশাগত পরিচয় বদলানোর জন্য কোনো চাপ সৃষ্টি করা হয়নি।

প্রেমের পথে জীবনের ঝুঁকি ও প্রাণনাশের হুমকি

শর্মিলা ও টাইগার পতৌদির এই প্রেমের পথটি মোটেও সহজ ছিল না। ভিন্ন ধর্মের হওয়ায় দুই পরিবারের বাইরেও সমাজের একটি উগ্র অংশের তীব্র বিরোধিতার মুখে পড়েছিলেন তারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে, বিয়ের প্রাক্কালে কলকাতার বাড়িতে শর্মিলা ঠাকুরের বাবা-মায়ের কাছে প্রাণনাশের হুমকি দিয়ে টেলিগ্রাম পাঠানো হয়েছিল। যেখানে সরাসরি লেখা থাকত— ‘গুলি কথা বলবে’।

পতৌদি পরিবারও এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় বেশ উদ্বিগ্ন ছিল। তবে সকল বাধা-বিপত্তি ও প্রাণনাশের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে ১৯৬৮ সালের ২৭ ডিসেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ ৪৩ বছর সুখে-শান্তিতে সংসার করেন। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর পতৌদির প্রয়াণের মধ্য দিয়ে এই দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটে।

ধর্মনিরপেক্ষ ও উদার মানসিকতার পরিবার

সন্তানদের লালন-পালন ও ধর্মীয় স্বাধীনতার বিষয়েও কথা বলেছেন সাবা। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি ইসলাম ধর্ম অনুসরণ করলেও তাদের পরিবারে সব ধর্ম ও সংস্কৃতির সমান সম্মান ছিল। ঈদ, পূজা, দীপাবলি থেকে শুরু করে বড়দিন—সব উৎসবই সমান উৎসাহে উদযাপিত হতো। শর্মিলা ঠাকুর সন্তানদের ইসলাম ধর্মের প্রাথমিক শিক্ষা দিলেও নিজ নিজ বিশ্বাস বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের ছিল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment