APORAD • sara desh

সান্তাহার সীমান্তে যাত্রীবেশে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক|বগুড়া:

বগুড়ার আদমদীঘি ও নওগাঁ সীমান্তে যাত্রীবেশে অটোরিকশায় উঠে সোলাইমান আলী (৬৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সীমান্তবর্তী এলাকায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে সোলাইমান আলী (৬৫) নামে এক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে সান্তাহার পৌর শহরের হেমুতখালী ও নওগাঁর খয়রাবাদ এলাকার মধ্যবর্তী একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত সোলাইমান আলী সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদারপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তবে পেশাগত কারণে তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে অজ্ঞাতনামা তিন ব্যক্তি যাত্রী পরিচয়ে সান্তাহার পৌর শহরের রিকশাস্ট্যান্ড থেকে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামে যাওয়ার কথা বলে সোলাইমান আলীর অটোরিকশাটি ভাড়া করেন। পথিমধ্যে সান্তাহারের হেমুতখালী এলাকা পার হয়ে খয়রাবাদ গ্রামের সামনের একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে পৌঁছালে ওই তিন দুর্বৃত্ত চালককে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। রামেক হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ি ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান জানান, ঘটনাটি সান্তাহার সীমানার একেবারে শেষ প্রান্তে হলেও ভৌগোলিক অবস্থানের দিক থেকে ঘটনাস্থলটি নওগাঁ সদর থানার অধীনে পড়েছে। এ কারণে নওগাঁ সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment