ঈদে বড় ও ছোট পর্দায় চঞ্চল-মোশাররফ

গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী-মোশাররফ করিমকে এবারের ঈদে বড় পর্দায় দেখা যাবে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। প্রায় ১৩ বছর পর দু’জনকে একসঙ্গে রুপালি পর্দায় অভিনয় করতে দেখা যাবে। তাদের সর্বশেষ একসঙ্গে চলচ্চিত্রে দেখা গিয়েছিল ২৫শে জানুয়ারি, ২০১৩ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায়। কাকতালীয়ভাবে এবারের ঈদে ছোট পর্দাতেও শুধুমাত্র একটি করে ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন দু’জন।

মাছরাঙা টেলিভিশনেই দু’জনের সাত পর্বের দু’টি ভিন্ন ধারাবাহিক নাটক প্রচারিত হবে। চঞ্চল চৌধুরী অভিনীত ধারাবাহিক নাটকের নাম ‘মেইন কাস্টিং’। বৃন্দাবন দাশের লেখা, নিয়াজ মাহবুবের পরিচালনায় এই ধারাবাহিকে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন- মৌসুমী হামিদ, ডা. এজাজুল ইসলাম সহ আরও অনেকে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘মেইন কাস্টিং’। মোশাররফ করিম অভিনীত সাত পর্বের ধারাবাহিক নাটকের নাম ‘ভ্যাজাল জামাই’। আল আমিন স্বপনের লেখা, তাইফুর জাহান আশিকের পরিচালনায় এই ধারাবাহিকে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন- রোবেনা রেজা জুঁই, মাসুম বাশারসহ অনেকে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে এই ধারাবাহিকটি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment