মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে এবং বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনাও প্রণয়ন করবে এ কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
কমিটি গঠনের দিন সোমবার বিকেলেই অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক করেন অর্থমন্ত্রী। এতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ অংশ নেন। এ বৈঠকের পরই কমিটি গঠিত হয় বলে জানা গেছে।


