মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণকক্ষ স্থাপন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতের উদ্দেশ্যে নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা অফিস আদেশ অনুযায়ী মঙ্গলবার থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা তিন শিফটে দায়িত্ব পালন করবেন। প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসীকল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকা, এই ঠিকানায় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণকক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল নিয়ন্ত্রণকক্ষের প্রধান কেন্দ্র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া অফিস আদেশে কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার থেকে নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে থাকা শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment