মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার

মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক জলসীমায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে এখন পর্যন্ত অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এক বিবৃতিতে নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সাম্পাত এ কথা জানিয়েছেন।

বুদ্ধিকা জানান, নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে জাহাজের কোনো চিহ্ন দেখতে পায়নি। তিনি বলেন, ‘সেখানে শুধু তেলের আস্তরণ ও লাইফ র‍্যাফট (পানিতে ভেসে থাকার সরঞ্জাম) ভাসছিল। আমরা মানুষকে পানির ওপর ভাসতে দেখেছি।’

এর আগের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, ইরানি ওই যুদ্ধজাহাজে (ফ্রিগেট) প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নৌবাহিনীর মুখপাত্র জানান, উদ্ধার করা মরদেহগুলো তীরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয় বলে পেন্টাগনে এক ব্রিফিংয়ে জানান তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment