ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ইকরার মৃত্যুর পরপরই একজন অভিনয়শিল্পী সহকর্মীর সঙ্গে জাহের আলভীর কথিত প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন, এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তাঁর পরিবারের অন্য সদস্যদের, এমনকি বন্ধুদেরও।
এবার ইকরার আত্মহত্যার ঘটনায় সঠিক তদন্ত এবং আলভী ও ঘটনায় নাম আসা ওই অভিনেত্রীর বিচার চেয়ে মানববন্ধন করেছে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি প্ল্যাটফর্ম। যেখানে অংশগ্রহণকারীরা এই দুই অভিনয়শিল্পীকে বর্জনের ডাক দিয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবীরা ছাড়া আরও অনেকে অংশগ্রহণ করেন। ইকরার জন্য ন্যায়বিচার দাবি করে তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ (ইকরা হত্যার বিচার চাই) স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে ইকরার বান্ধবী দাবি করা কয়েকজন এ ঘটনায় জাহের আলভীর কথিত প্রেমের সম্পর্কের কথা সামনে এনেছেন। তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও দাবি করেন তাঁরা।


