অপরাজিত থেকেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

সতীর্থদের নিষ্প্রভ দিনে দ্যুতি ছড়ালেন সিকান্দার রাজা। অধিনায়কের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দেড়শ ছাড়াল জিম্বাবুয়ে। পরে বল হাতেও দলকে ভালো শুরু এনে দিলেন রাজা। কিন্তু ডেওয়াল্ড ব্রেভিসের ঝড় ও বাকিদের অবদানে জয় নিয়ে মাঠ ছাড়ল দক্ষিণ আফ্রিকা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের জয়রথ চলছেই। এখন পর্যন্ত অপরাজিত দলটি রোববার দিল্লিতে জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। প্রতিপক্ষের ১৫৩ রান ১৩ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।

সুপার এইটে নিজেদের গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার কলকাতায় প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে গত বিশ্বকাপের রানার্স-আপরা। গ্রুপ পর্বে কিউইদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল তারা।

লক্ষ্য তাড়ায় ১৪ রানে ২ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে চাপে পড়তে দেননি ব্রেভিস। পাল্টা আক্রমণে চারটি ছক্কা ও দুটি চারে ১৮ বলে ৪২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। পরে বাকি কাজ সারেন ট্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডা।

দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রাজা। চারটি ছক্কা ও আটটি চারে ৪৩ বলে ৭৩ রান করেন তিনি। জিম্বাবুয়ের আর কেউ ৩০ রানও করতে পারেননি। পরে অফ স্পিনে ২৯ রান খরচায় ধরেন তিন শিকার।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   5   =