মুখোশের মহোৎসব
— বেলাল
পরের মুখে মুখোশ দেখে
নীতির বুলি আওড়ায়,
নিজের মুখে সাতটি পর্দা—
সাধুত্বের মঞ্চ কাঁপায়!
পরের বাগে বিষের চাষ,
নিজের বাগে গোলাপ,
পরের দোষে বজ্রনাদ,
নিজের দোষে বিলাপ!
পরের ঠোঁটে মিথ্যে দেখলে
সত্যের ধ্বজা তোলে,
নিজের ঠোঁটে মিথ্যে এলে
যুক্তির পাহাড় দোলে!
নীতির ঝুলি কাঁধে নিয়ে
বিবেক রাখে বন্ধক,
সত্য সেখানে আসামি,
মিথ্যেই বিচারক!
পরের চোখে কালি দেখে
হাসে দাঁত কেলিয়ে,
নিজের চোখের কালো ঢাকে
সাদা পর্দা টানিয়ে!
পরের মুখোশ খুলতে গিয়ে
নিজেই মুখোশ পরে,
আত্মপ্রবঞ্চনার রাজা
নীতির সিংহাসনে চড়!


