নরসিংদীর মাধবদী উপজেলায় ‘ধর্ষণের ঘটনা চাপা দিতে’ এক কিশোরীকে বাবার কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে হত্যার’ ঘটনায় মামলার প্রধান আসামিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে একজন এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
গ্রেপ্তারা হলেন- প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা (২৮) এবং হযরত আলী (৪০)।
এদিন দুপুরে এ মামলার পাঁচ আসামি গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ।
এদিকে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ানকে বহিষ্কার করেছে সদর উপজেলা কমিটি।
শুক্রবার রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
১৫ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে পাঁচ থেকে ছয়জনের একটি দল মেয়েটিকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
মেয়েটির সৎ বাবার ভাষ্য, বুধবার বিকালে মেয়েকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন তিনি। পথে বড়ইতলা এলাকায় নূরার নেতৃত্বে পাঁচজন তার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যান। পরে স্বজনরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাড়ি ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা বলছে, এদিন সকালে একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।


