আন্তর্জাতিক

সৌদিতে ৪ অঞ্চলে ‘রেড অ্যালার্ট’: তীব্র বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক পূর্বাচল:

সৌদি আরবের চারটি প্রধান অঞ্চলে তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিলাবৃষ্টি, শক্তিশালী দমকা হাওয়া এবং তীব্র ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সৌদি আবহাওয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)-এর বুলেটিন অনুযায়ী, দেশের জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অত্যন্ত ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রতিকূল আবহাওয়ার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হতে এবং নদী বা পাহাড়ের নিচু ড্রেনেজ এলাকা এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শক্তিশালী দমকা হাওয়ার কারণে ধূলিঝড় সৃষ্টি হয়ে দৃশ্যমানতা অনেকাংশে কমে যেতে পারে। ফলে মহাসড়কগুলোতে যানবাহন চলাচলেও বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দেশটির ট্রাফিক ও নাগরিক সুরক্ষা বিভাগ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment