বিনোদন

দুর্গোৎসবে শ্রাবন্তীর বিশেষ বার্তা, বললেন—‘নারীই শক্তির প্রতীক’

দৈনিক পূর্বাচল অনলাইন ডেস্ক | ১৭ অক্টোবর

দেশজুড়ে জাঁকজমকপূর্ণভাবে চলছে বাঙালির সবচেয়ে বড় সামাজিক ও ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবের এই প্রানবন্ত আবহে নিজের অনুভূতি ও মনের গভীর কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তীর মতে, দেবী দুর্গা কেবল অসুরবিনাশিনী নন; তিনি নারী শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের অনন্য প্রতীক। জীবনের কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতে বারবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগান মা দুর্গা—এমনটাই বিশ্বাস এই তারকার।

সম্প্রতি পূজামণ্ডপের আবেগ ও নিজের ব্যক্তিগত ভাবনা তুলে ধরে শ্রাবন্তী জানান, প্রতিটা নারীর সুপ্ত ভাবনার মাঝেই রয়েছে দুর্গার তেজ। তিনি বলেন, “প্রত্যেক নারীর মধ্যেই রয়েছে দুর্গার শক্তি, যা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও লড়াই করার অদম্য সাহস জোগায়।”

বাঙালির দুর্গোৎসবের আবেগময় দিক নিয়ে তিনি আরও বলেন, মা দুর্গা একাধারে পরম দেবী, আবার অন্যদিকে বাঙালির ঘরের মেয়ে ‘উমা’। শরতের কাশফুল, শিউলি ফুলের সুবাস, ঢাকের ধামকুড় কুড় শব্দ আর উৎসবের আমেজ মিলেমিশে দেবীর আগমন প্রতিবছরই বাঙালির মনে এক বিশেষ অনুভূতির জন্ম দেয়।

তবে পূজার আনন্দ যেমন মনকে ভাসায়, তেমনি বিসর্জনের সময় আবার বিষাদে ভারী হয়ে ওঠে প্রতিটি মন। শ্রাবন্তীর মতে, আনন্দ আর বিষাদের এই চক্রাকার আসা-যাওয়ার মধ্য দিয়েই যুগের পর যুগ ধরে বাঙালির দুর্গাপূজার আবেগ নতুন করে বেঁচে থাকে।

নিজের পারিবারিক স্মৃতি চারণ করে অভিনেত্রী জানান, তাঁর বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ফলে শৈশব থেকেই সুশৃঙ্খল পরিবেশ ও সাহসিকতার বার্তা নিয়ে তিনি বেড়ে উঠেছেন, যা তাঁকে জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment