নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা ও সমন্বিত নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি উল্লেখ করেন, আগামী ২০২৭ সালের মধ্যে একটি যুগোপযোগী ও সমন্বিত ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে কাজ এগিয়ে চলছে।
গতকাল বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম (গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ—জিআরএসপি প্রকল্প) এবং রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশের বিদ্যমান সড়ক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি। অনিয়ম ও অনিরাপদ সড়ক ব্যবস্থার কারণে পুরো জাতিকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিবহন খাতে বিশৃঙ্খলা দূর করতে এবং এতে গড়ে ওঠা মাফিয়াতন্ত্র ভেঙে সড়কে সুশাসন ফিরিয়ে আনতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
গোলটেবিল বৈঠকে বক্তারা সড়কে প্রাণহানি কমাতে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সমন্বিত আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নে জোর তাগিদ দেন।


