নায়িকার শরীরে টিউমার, হাসপাতাল থেকে বার্তা

চিত্রনায়িকা শাহনূর বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর তাঁর শরীরে টিউমার ধরা পড়েছে। এমআরআই পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে বিষয়টি নিশ্চিত করেন শাহনূর নিজেই।

শাহনূর জানান, তাঁর প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়েছে এবং বর্তমানে নিউইয়র্কের লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বাংলাদেশ সময় সোমবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দু–এক দিনের মধ্যেই তাঁর অস্ত্রোপচার করা হতে পারে। দ্রুত অস্ত্রোপচার না করলে শারীরিক অবস্থা জটিল হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এ পরিস্থিতিতে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি একজন ক্ষুদ্র মানুষ—কথা, কাজ বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিতে অনুরোধ জানিয়েছেন। ২৬ বছরের অভিনয়জীবনে নিজের জন্য কিছু না করে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা, বৃদ্ধাশ্রমের বাবা–মায়েদের পাশে থাকা—এসব কাজেই তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলে জানান।

শাহনূর আরও লেখেন, জীবনে কখনো নিজের জন্য ফ্ল্যাট বা দামি গাড়ি কেনেননি। তাঁর বিশ্বাস, ধনসম্পদ মৃত্যুর পর সঙ্গে যায় না; মানুষের জন্য করা কাজ ও তাদের দোয়াই শেষ পর্যন্ত সঙ্গে থাকে। তাই এই কঠিন সময়ে সবার ভালোবাসা ও দোয়া কামনা করেছেন তিনি।

একসময় চলচ্চিত্রে নিয়মিত মুখ হলেও বর্তমানে অভিনয়ে অনিয়মিত শাহনূর। গত এক বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্ত ও সহকর্মীরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   8   =