নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
আসছে শুক্রবার মেয়ের বিয়ে। আনন্দঘন পরিবেশে বাড়িতে চলছে নানা প্রস্তুতি। বরপক্ষের মেহমানদের আপ্যায়নের জন্য মঙ্গলবার ভোরে বাজার করতে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন (৫০)। কিন্তু বাজার নিয়ে আর জীবীত ফেরা হলো না তার। একটি দ্রুতগামী মাছবাহী গাড়ির চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় দিরু নামের অপর এক মাছ ব্যবসায়ীও নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অপর নিহত মাছ ব্যবসায়ী দিরুর বাড়ি নেত্রকোনা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির কেবিনে থাকা মাছ ব্যবসায়ী দিরু ভেতরে আটকে পড়েন। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।
খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিরুও।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে। মাছবাহী ওই গাড়িতে চালক ও হেলপারের সঙ্গে সহযাত্রী হিসেবে মাছ ব্যবসায়ী দিরু ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়েকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে বাড়িতে আনন্দের আমেজ ছিল। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে বাবাকে আকস্মিকভাবে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। যে বাবা মেয়ের বিয়ের বাজার নিয়ে হাসিমুখে বাড়ি ফেরার কথা ছিলেন, তাকে ফিরতে হলো নিথর দেহ হয়ে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


