অন্যান্য

জীবননগরে জমি বিক্রির ৩ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগীদের

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জমি বিক্রির ৩ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ এবং উল্টো প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় টাকা উদ্ধার ও নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোছা. রোজিনা খাতুন নামে এক নারী এবং মো. হাসান নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক চরম আর্থিক সংকটের কারণে গত ১২ আগস্ট জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মোছা. রোজিনা খাতুন তাঁর স্বত্বদখলীয় জমি মো. মনির হোসেনের কাছে ৩ লাখ ৯০ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন। নিয়মানুযায়ী, জমি রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ টাকা একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে জামানত হিসেবে জমা রাখার সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে ক্রেতা মো. মনির হোসেন ওই ৩ লাখ ৯০ হাজার টাকা তাঁর চাচাতো ভাইয়ের শ্যালক ও ক্ষুদ্র ব্যবসায়ী মো. হাসানের কাছে আমানত হিসেবে জমা রাখেন এবং একই দিনে সাব-কবলা রেজিস্ট্রি সম্পন্ন করেন।

অভিযোগে বলা হয়, জমি রেজিস্ট্রি শেষে বিক্রেতা রোজিনা খাতুন টাকা বুঝে নিতে গেলে হাসান জানান যে, মো. মকসেদুর রহমান রিমন, মো. কামরুল ইসলাম ও মো. আব্দুল হামিদ নামের তিন ব্যক্তি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স হাসান স্টোর’ থেকে জমির সম্পূর্ণ টাকা রোজিনাকে বুঝিয়ে দেওয়ার কথা বলে নিয়ে গেছেন। কিন্তু পরবর্তীতে ওই ব্যক্তিরা টাকা রোজিনাকে না দিয়ে নিজেদের কাছে আত্মসাৎ করেন।

ভুক্তভোগী নারী রোজিনা খাতুন জানান, তিনি অভিযুক্ত ওই তিন ব্যক্তির কাছে টাকা ফেরত চাইতে গেলে উল্টো তাঁকে ভয়ভীতি দেখানো হয়। তাঁর পাওনা পুরো টাকা না দিয়ে মাত্র ৫০ হাজার টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং প্রতিবাদ করলে তাঁকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়া হয়।

এদিকে ক্ষুদ্র ব্যবসায়ী মো. হাসান জানান, তিনি সম্পূর্ণ নিরপরাধ হওয়া সত্ত্বেও ওই তিন ব্যক্তির কারণে আজ চরম মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। জমির প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দিতে না পারায় তিনি সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রোজিনা খাতুন ও মো. হাসান এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment