ভোট শেষে নির্বাচন বর্জনের ঘোষণা হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিমের

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট গ্রহণ শেষ হওয়ার ১০ মি‌নিট পর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন।

বিএনপির সমর্থন নিয়ে এ আসনে ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন তিনি। ফেসবুক লাইভে জসিম উদ্দীন বলেন, নির্বাচনে প্রশাসন তাদের কোনো ধরনের সহযোগিতা করেনি। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ—কেউ আমাদের সহযোগিতা করেনি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না।’ বিভিন্ন অনিয়ম, বাধা ও হয়রানির অভিযোগ এনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিব হাসান বলেন, ‘দেবিদ্বারে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।’

প্রসঙ্গত, দেবিদ্বার আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment