কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ কয়েকটি আসনের বেশ কিছু ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এসব ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের এসব কথা জানান। তবে মোট কতটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ দাখিল করা হয়েছে তা তিনি সুনির্দিষ্টভাবে সাংবাদিকদের জানাননি।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সেখানে তাঁরা শতাধিক ভিডিও ফুটেজের লিংক সংযুক্ত করেছেন। এর মধ্যে কতগুলো বড় ঘটনা ঘটেছে।

জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা–৮ আসনের ৩০টি ভোটকেন্দ্র থেকে তাঁদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে । রিটার্নিং অফিসারকে এ বিষয়ে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, নোয়াখালী–৬ আসনে গতরাত থেকে রক্তাক্ত সন্ত্রাস হয়েছে। ঝালকাঠি, শরীয়তপুরেও সমস্যা হয়েছে, দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এবি পার্টির সভাপতি মজিবুর রহমানের গাড়ি বহরে হামলা হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   8   =