আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে গত এপ্রিল মাসে ১৪টি বিমান কেনার চুক্তি হয়েছিল। সবমিলিয়ে বোয়িংয়ের সঙ্গে করা দুটি চুক্তির আওতায় মোট ২৫টি উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে বিমানের বহরে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফররত প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০৪১ সালের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা ৪৭টিতে উন্নীত করার লক্ষ্যেই এই বড় বাণিজ্যিক উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে, যা দিয়ে আন্তর্জাতিক রুট পরিচালনা করা হচ্ছে। তবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন। দেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং নতুন নতুন রুট চালুর পরিকল্পনা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনও এই চুক্তিকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেছিলেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এয়ারবাসের জন্য সমান সুযোগ ও প্রতিযোগিতামূলক অফারের প্রস্তাব দেওয়া হলেও, বোয়িংয়ের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ককে প্রাধান্য দিয়েই বর্তমান সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে অন্যান্য প্রতিষ্ঠানের অফারও বিবেচনায় রাখা হতে পারে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment