নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের দুটি বড় কনসার্টসহ মোট পাঁচটি বিদেশি কনসার্ট। যথাযথ কর্তৃপক্ষের নিরাপত্তাজনিত ছাড়পত্র বা অনুমতি না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’ নিবেদিত ‘মাহাক্স রিপাবলিক’ কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই মঞ্চে পাকিস্তানের জনপ্রিয় তিন ব্যান্ড—‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘রক্সেন’ (ফিচারিং)-এর পাশাপাশি বাংলাদেশের ‘নেমেসিস’, ‘লেভেল ফাইভ’, ‘শিরোনামহীন’ ও ‘নগর বাউল’ (জেমস)-এর পারফর্ম করার কথা ছিল।
এর ঠিক পরদিনই (২৬ সেপ্টেম্বর) পূর্বাচলের ‘সি শেল পার্ক অ্যান্ড রিসোর্ট’-এ পাকিস্তানের আরেকটি জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের কনসার্টটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে সেটিও স্থগিত করা হয়।
‘মাহাক্স রিপাবলিক’ কনসার্টের এক আয়োজক নাম প্রকাশ না করার শর্তে জানান, শিল্পীদের অ্যাডভান্স পারিশ্রমিক পরিশোধসহ সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
তবে আশার কথা হলো, স্থগিত হওয়া কনসার্টগুলোর নতুন তারিখ খুব দ্রুতই আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা করা হবে।


