চুয়াডাঙ্গা প্রতিনিধি :
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত চুয়াডাঙ্গার জীবননগরের সাংবাদিক চাষী রমজান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগের মধ্যে পড়েছেন পরিবার, স্বজন ও সহকর্মীরা।
সাংবাদিক চাষী রমজান জীবননগর প্রেসক্লাবের সদস্য এবং জীবননগর সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি। তিনি স্থানীয় ও ঢাকার বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চাষী রমজান। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। পরে ঢাকায় পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করালে তার শরীরে আবারও ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে।
উন্নত চিকিৎসার জন্য তাকে চীনের একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
সাংবাদিক চাষী রমজানের অসুস্থতার খবরে জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবর রহমান বাবু সাধারণ সম্পাদক নূর আলম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির জীবননগর সাংবাদিক সমিতিসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সহকর্মী সাংবাদিকরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ব্যক্তিজীবনে সাংবাদিক চাষী রমজান বিবাহিত। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার পরিবারের পক্ষ থেকেও প্রিয়জনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।


