সংসদে পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ

এইচ এম হাকিমঃসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে মরদেহ আনা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকাল ১১টা ৫ মিনিটে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে যাত্রা শুরু করে। সকাল ৮টা ৫৪ মিনিটে মরদেহ এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়েছিল। শুরুতে মরদেহটি দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছালে স্বজন ও বিএনপি নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান।

বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি আজ ঢাকায় এসে বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাবেন।

জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   1   =