দৈনিক পূর্বাচল:
হাসপাতালে চিকিৎসাধীন অত্যন্ত অসুস্থ ও দুর্বল এক বৃদ্ধ বাবার কাছ থেকে জোরপূর্বক জমির দলিলে সই বা টিপসই নেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অমানবিকতার অভিযোগ উঠেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শয্যাশায়ী শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এক বৃদ্ধের সামনে জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে সই করানোর জন্য চাপ দিচ্ছেন তার মেয়ে। ওই সময় ভিডিও ধারণকারী নারী ভিডিওতে হাসপাতালের ভেতরে দলিল নিয়ে আসার বিষয়ে প্রশ্ন তুললে বৃদ্ধের মেয়েকে তাকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলতে শোনা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ঘটনাটিকে অত্যন্ত অনৈতিক, অমানবিক ও প্রতারণামূলক বলে অভিহিত করেছেন। অনেকের মতে, অসুস্থতার সুযোগ নিয়ে বৃদ্ধের স্থাবর সম্পত্তি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করা হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তির অসুস্থ ও অসচেতন অবস্থার সুযোগ নিয়ে সম্মতি ছাড়া সম্পত্তি লিখে নেওয়া সম্পূর্ণ অবৈধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এমন পরিস্থিতিতে সম্পত্তি সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করলে তা গুরুতর জটিলতা তৈরি করে।
তবে ছড়িয়ে পড়া ভিডিওটির আসল উৎস, স্থান কিংবা সংশ্লিষ্টদের পরিচয় নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


