অন্যান্য

স্ত্রীকে মোবাইল কিনে দেওয়ার পরই যুবকের আত্মহত্যা

মাধবপুর (হবিগঞ্জ)দৈনিক পূর্বাচল:

 স্ত্রীকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়াকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে মনোমালিন্যের জের ধরে আব্দুর রহিম (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীকে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার দাবি নিয়ে পরিবার ও স্ত্রীর সঙ্গে আব্দুর রহিমের বাকবিতণ্ডা ও মান-অভিমান চলছিল। এ নিয়ে তীব্র মানসিক চাপে ছিলেন তিনি। মঙ্গলবার রাতে সব টানাপোড়েনের অবসান ঘটিয়ে স্ত্রীকে একটি মোবাইল ফোন কিনে দেন তিনি।

তবে ফোন কিনে দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে নতুন করে বাকবিতণ্ডা তৈরি হলে রহিম মানসিকভাবে চরম ভেঙে পড়েন। এর জের ধরে বুধবার ভোররাতে সবার অগোচরে নিজের ঘরের ভেতরে গলায় ফাঁস নেন তিনি। পরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্ত্রীকে মোবাইল কিনে দেওয়াকে কেন্দ্র করে পরিবারের সাথে নিহতের মনোমালিন্য চলছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এ নিয়ে মানসিক কষ্টে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment