বিনোদন ডেস্ক, দৈনিক পূর্বাচল:
দূরত্ব ও মান-অভিমান ভুলে দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টলিউডের আলোচিত জুটি রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর নতুন একটি ওটিটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মিমি।
অয়ন চক্রবর্তীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমার চিত্রনাট্য পছন্দ হওয়ায় প্রজেক্টটিতে সম্মতি জানিয়েছেন এই অভিনেত্রী। সব ঠিক থাকলে চলতি সেপ্টেম্বরের শেষভাগেই শুরু হবে দৃশ্যধারণের কাজ।
‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’র মতো সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই রাজ-মিমি জুটিকে ২০১৫ সালে ‘কাটমুণ্ডু’ চলচ্চিত্রে শেষবার একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। ব্যক্তিগত জীবনের সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে তাদের এই নতুন অধ্যায় শুরু হওয়াকে কেন্দ্র করে দুই বাংলার দর্শক ও ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে।


