বিশেষ প্রতিনিধি, দৈনিক পূর্বাচল:
মায়ের মৃত্যুর পর পাওনা প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে তিনটি সরকারি দপ্তরে ৩৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছিল ময়মনসিংহের ১৮ বছরের তরুণ শাহেদ শরীফ আহমেদকে। সেই তিক্ত অভিজ্ঞতা ও ক্ষোভ থেকেই ঘুষের বিরুদ্ধে ব্যতিক্রমী এক উদ্যোগ নেন তিনি। মাত্র দুই ঘণ্টার কোডিংয়ে তৈরি করেন ‘ঘুষ ডট সাইট’ নামে একটি বিশেষ প্ল্যাটফর্ম।
গত ২১ আগস্ট চালু হওয়া এই ওয়েবসাইটে মাত্র ১০ দিনে প্রায় ১০ হাজার দুর্নীতি ও ঘুষ দাবির অভিযোগ জমা পড়েছে বলে দাবি করেছেন শাহেদ। এসব অভিযোগে মোট ৩২২ কোটি টাকারও বেশি অর্থ ঘুষ চাওয়ার ভয়াবহ চিত্র উঠে এসেছে।
ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা শাহেদ ব্রিটিশ কাউন্সিলের অধীন কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলের শিক্ষার্থী। অনলাইন শেখা ওয়েব ডেভলপমেন্টের জ্ঞান কাজে লাগিয়ে বন্ধু ও সহপ্রতিষ্ঠাতা সাইফ কবিরকে সঙ্গে নিয়ে তারা এই ডোমেইনটি চালু করেন। শাহেদ জানান, বিভিন্ন সরকারি দপ্তরে নাগরিকদের মুখোমুখি হওয়া ঘুষের তথ্য সাধারণ মানুষ যাতে নিরাপদে জানাতে পারেন, সেজন্যই এই উদ্যোগ। তাদের একটি দল জমা পড়া এসব অভিযোগ প্রাথমিক যাচাই-বাছাইয়ের কাজ করছে।


