রাজনীতি

বাতিল হওয়ার পর ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করল সরকার | দৈনিক পূর্বাচল

বিশেষ প্রতিনিধি, দৈনিক পূর্বাচল:

স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবার পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরছে ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

সাময়িকভাবে বাতিল করার পর অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। এর ফলে দীর্ঘ ৮ মাস পর পুনরায় আনুষ্ঠানিকভাবে সংবাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার সুযোগ পেল সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বাধীন এই সংবাদমাধ্যমটি।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে বাংলা এডিশনের ওপর পূর্বে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানা যায়, বিগত ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এক আদেশের মাধ্যমে নিউজ পোর্টালটির নিবন্ধন বাতিল করেছিল। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে নিবন্ধন ফিরে পেতে বাংলা এডিশন কর্তৃপক্ষের আবেদনের ওপর পর্যালোচনা শেষে চূড়ান্তভাবে এ স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ দিল বর্তমান সরকার।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে তথ্য প্রযুক্তির দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিল ‘বাংলা এডিশন’। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজনীতির শীর্ষনেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীর প্রাক্তন কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, সুশীল সমাজ ও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা সংহতি প্রকাশ করেছিলেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, গণমানুষের অধিকার রক্ষা, বৈশ্বিক ঘটনাপ্রবাহ এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দ্রুত পাঠকপ্রিয়তা পায় পোর্টালটি। তবে যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই স্থগিতাদেশ আসায় চরম প্রশাসনিক বাধার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি।

নিবন্ধন পুনর্বহালের তথ্য নিশ্চিত করে ‘বাংলা এডিশন’ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, “সকল প্রকার প্রতিকূলতা পেরিয়ে অতীতের মতো ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে বাংলা এডিশনের আপসহীন ভূমিকা বজায় থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জুলাই বিপ্লবের স্পিরিট রক্ষা এবং জনগণের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment