অঘটনের বিশ্বকাপে আজ আর্জেন্টিনার ‘মিসর পরীক্ষা’: মেসিময় মহাকাব্যে নতুন রেকর্ডের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:

চলমান বিশ্বকাপে একের পর এক জায়ান্টদের বিদায়ে টুর্নামেন্ট রূপ নিয়েছে অঘটনের মঞ্চে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে শেষ ষোলো থেকে বিদায় করে দিয়েছে নরওয়ে। তারও আগে, শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে চারবারের সেরা জার্মানি। আর দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়ঘণ্টা বেজেছে গ্রুপ পর্বেই। এমন সমীকরণের মাঝে আজ রাতে মাঠে নামছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টায় শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে আফ্রিকান পরাশক্তি মিসরের।

এবারের আসরে আর্জেন্টিনা দল মানেই যেন পুরোপুরি মেসিময় এক আবহ। ‘ম্যাজিক্যাল মেসি’র শেষ মহাকাব্যের আজ মিসর খণ্ড। নকআউট পর্বের এই বাঁচা-মরার লড়াইয়ে ফুটবল বিশ্বের চোখ থাকবে ফুটবল জাদুকরের দিকেই।

অপ্টার বাজি স্কালোনির পক্ষে, তবে চোখ রাঙাচ্ছে আফ্রিকান রেকর্ড
পরিসংখ্যান ও শক্তিমত্তায় এই ম্যাচে আর্জেন্টিনাকেই ফেবারিট মানছে ফুটবল বিশ্লেষকেরা। অপ্টা সুপারকম্পিউটারের বাজি অবশ্য আর্জেন্টিনার পক্ষে; যেখানে আকাশী-নীলদের জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছে ৬৯.১ শতাংশ। অতীত ইতিহাসও লিওনেল স্কালোনির দলকেই এগিয়ে রাখছে, কারণ নিজেদের শেষ পাঁচ বিশ্বকাপের শেষ ষোলোর বাধা ভালোভাবেই পার হতে পেরেছে তারা।

তবে আলবিসেলেস্তেরা পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছে না। এক বিশ্বকাপে তিনটি ভিন্ন আফ্রিকান প্রতিপক্ষকে হারানোর রেকর্ড নেই ফুটবল ইতিহাসের কোনো দলের। সেই অস্পৃশ্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে আজ দুশ্চিন্তা বাড়তেই পারে আর্জেন্টাইনদের। এছাড়া মিসরের ধারাবাহিক গোলের রেকর্ডটাও কপালে চিন্তার ভাঁজ ফেলবে স্কালোনির। নিজেদের শেষ ছয়টি বিশ্বকাপ ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখিয়েছে মিসর। এই ম্যাচগুলোতে তারা ৮টি গোল করার পাশাপাশি অবশ্য হজম করেছে ৯টি।

গোল্ডেন বুটের লড়াই ও মেসির সামনে রেকর্ডের পাহাড়
চলমান বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই অনন্য সব রেকর্ড ভাঙা-গড়ায় মেতেছেন লিওনেল মেসি। শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে দুর্দান্ত গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার শীর্ষস্থানটা অক্ষুণ্ন রেখেছিলেন তিনি। বর্তমানে ৭ গোল নিয়ে মেসির পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ড।

কেপ ভার্দের বিপক্ষে জালের দেখা পেয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে কমপক্ষে ৭টি করে গোল করার রেকর্ড গড়েন মেসি। যদিও পরের দিনই প্যারাগুয়ের বিপক্ষে গোল করে সেই রেকর্ডের পুনরাবৃত্তি করেন এমবাপ্পে। আজ মিসরের বিপক্ষে মাত্র একটি গোল করলেই মেসি ছুঁয়ে ফেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি গুইলারমো স্তাবিলের এক বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করার ঐতিহাসিক রেকর্ড।

একই সঙ্গে আজ গোল পেলে এক আসরের প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতে গোল করা বিশ্বের ষষ্ঠ খেলোয়াড় হবেন এলএমটেন। এর আগে এই বিরল কীর্তি গড়েছেন ১৯৫৮ বিশ্বকাপে ফরাসি জুস্ত ফঁতেন, ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলিয়ান জার্জিনহো, ১৯৭০ বিশ্বকাপে জার্মানির গার্ড মুলার, ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের রিভালদো এবং ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার হামেস রদ্রিগেস।

আটলান্টার মাঠে আজ কি আরেকটি মেসি-ম্যাজিক দেখবে বিশ্ব, নাকি ব্রাজিলের মতো পরিনতি হবে আর্জেন্টিনার—তার উত্তর মিলবে আজ রাতেই।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   1   =