মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদী তৎপরতা: প্রধান প্রশিক্ষকসহ ‘এফসিএস’-এর ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:

মার্শাল আর্ট ও আত্মরক্ষা কৌশল শেখানোর আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে একটি চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ (এফসিএস) নামক একটি ভূঁইফোড় সংগঠনের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া বালুর মাঠ (মিনি কক্সবাজার) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সংগঠনটির প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবির (২৩), মো. হোসাইন তানিম (২০), মো. জুনায়েদ (২২), আতাউল্লাহ শাহ (৩২), মো. আবিদুর রহমান ও মো. বায়েজিত।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির সংশ্লিষ্ট টিম জানতে পারে যে, যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে তরুণদের উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ ও সংগঠিত করা হচ্ছে। এই তথ্যের ওপর ভিত্তি করে রোববার কোনাপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উগ্রবাদী কার্যক্রমের গোপন প্রশিক্ষণ পরিচালনার সময় হাতেনাতে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামের এই গ্রুপটি মূলত শারীরিক কসরত ও মার্শাল আর্ট শেখানোর আড়ালে তরুণদের মগজধোলাই এবং উগ্রপন্থী ভাবাদর্শে দীক্ষিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই চক্রের পেছনে অন্য কোনো উগ্রবাদী সংগঠন বা অর্থায়নের উৎস রয়েছে কি না, তা রিমান্ডে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   4   =