রূপগঞ্জে ইসলাম প্রচারে বাধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আলটিমেটাম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াত প্রচারের সময় আলেম-ওলামাদের ওপর বর্বরোচিত হামলা ও ইসলাম প্রচারে বাধা দেওয়ার তীব্র প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতা জড়ো হয়ে এই প্রতিবাদ সমাবেশ করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক হযরত মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।

লিখিত বক্তব্যে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২৭ জুন রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় একটি বাউল গানের আসর চলছিল। তার পাশেই আলেম-ওলামাগণ ইসলামের শান্তির বাণী ও দাওয়াত প্রচার করতে গেলে বাউল দলের অনুসারী উগ্রপন্থী গোষ্ঠী অতর্কিত ও পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা গুরুতর আহত হন। শান্তিপূর্ণ ধর্মপ্রচারে এমন বর্বরোচিত বাধা ও হামলার ঘটনায় রূপগঞ্জের সর্বস্তরের আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

“ইসলাম শান্তির ধর্ম। স্বাধীন দেশে শান্তিপূর্ণভাবে ধর্মপ্রচারে বাধা ও আলেমদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি পরিকল্পিত হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” — বক্তারা

আলেম-ওলামারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেওয়া হয়, হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে ইত্তেহাদুল ওলামা ও রূপগঞ্জের তৌহিদী জনতা আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ সময় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন— ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ম সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, মাওলানা ইউসুফ ফরিদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ওলামায়ে কেরাম।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   4   =