আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক পূর্বাচল
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে মোট ভোটের ৮৫ দশমিক ৬ শতাংশ গণনা শেষ হয়েছে। আংশিক ফলাফলে আসনসংখ্যার দিক থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে নির্বাচনের ফলাফল প্রকাশের সাথে সাথেই দেশটিতে সরকার গঠন নিয়ে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা-র এক প্রতিবেদন অনুযায়ী, ১২০ আসনবিশিষ্ট নেসেটে সরকার গঠন করতে প্রয়োজন অন্তত ৬১টি আসন। তবে আংশিক ফলাফলে কোনো পক্ষই এই জাদুকরী সংখ্যা ছুতে পারেনি।
আসন সমীকরণ ও বড় দলগুলোর অবস্থান
সর্বশেষ প্রাপ্ত আংশিক ফলাফল অনুযায়ী:
-
নেতানিয়াহুর ডানপন্থী জোট: ৫৩টি আসন পেয়ে শীর্ষে রয়েছে।
-
বিরোধী ‘পরিবর্তন জোট’: সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন এই জোটটি পেয়েছে ৪৮টি আসন।
-
আরব দলসমূহ: আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে।
কিংমেকার হিসেবে আবির্ভূত হতে পারে আরব দলগুলো
নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের সীমা পার করতে না পারায় এখন অন্য কোনো দল বা জোটের ওপর নির্ভর করতে হবে। একই চিত্র বিরোধী ‘পরিবর্তন জোট’-এর ক্ষেত্রেও; তারাও এককভাবে সংখ্যাগরিষ্ঠ নয়।
এই পরিস্থিতিতে সরকার গঠনের চূড়ান্ত সমীকরণে আরব জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক বা ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়েছে। আরব দলগুলোর সমর্থন যার পাল্লায় ভারী হবে, ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে তারাই অগ্রগামিতা পাবে। তবে চূড়ান্ত ভোট গণনা ও রাজনৈতিক দর কষাকষি শেষ না হওয়া পর্যন্ত দেশটির রাজনৈতিক অঙ্গনে এই অচলাবস্থা বহাল থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
.সূত্র: আল-জাজিরা


