দৈনিক পূর্বাচল অনলাইন ডেস্ক |
রংপুরের আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন। পড়ুন বিস্তারিত সংবাদ।
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারের পর শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে তাদের রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা মিথুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে, আসামি ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তিনি বর্তমানে চাকরি থেকে বরখাস্ত (সাসপেন্ড) রয়েছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার ‘হোটেল স্কাই ভিউ’-এর একটি কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ওই কক্ষ থেকে ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে কক্ষটিতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ডার্বি সিগারেটের প্যাকেটে লুকানো অবস্থায় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার জব্দ করা হয়। আটকের পর তাদের উদ্ধারকৃত আলামতসহ কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি দৈনিক পূর্বাচলকে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আসামি দুই পুলিশ সদস্যকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


