নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
প্রায় এক মাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
দীর্ঘ প্রায় এক মাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। গত বুধবার (১৪ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং পুত্র মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে জানান যে তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য তিনি মালয়েশিয়ায় যান এবং দেশটির বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তখন তার মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন হেমারেজ) হয়েছিল। তাৎক্ষণিক অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসার পর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর তিনি একবার দেশে ফিরেছিলেন। পরবর্তীতে শারীরিক ফলোআপ চিকিৎসার জন্য আবারও বিদেশ যান এবং চিকিৎসা শেষে বুধবার রাতে পুনরায় দেশে ফেরেন।


