APORAD • অন্যান্য

ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে ঘোরাঘুরি, ১৬ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ওয়াকওয়েতে ঘোরাঘুরি করার সময় ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। পরে অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা ও সতর্ক করার পর তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শাহরাস্তি মডেল থানার একটি দল পৌর শহরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন ছেলে এবং ৬ জন মেয়ে। তারা সবাই স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত না থেকে তারা ওয়াকওয়ে ও বিভিন্ন অলিগলিতে সময় কাটাচ্ছিল। এমন গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের থানায় খবর দেওয়া হয়। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের এমন অননুমোদিত কাজের কুফল সম্পর্কে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার শর্তে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন ক্লাস ফাঁকি দিয়ে অযথা বাইরে সময় নষ্ট না করে, সে বিষয়ে অভিভাবকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকেও আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে নিয়মিত ক্লাস হাজিরা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের বিপথগামী হওয়া রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সন্তানদের নৈতিক ও মানসিক বিকাশে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment