আন্তর্জাতিক

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

 ২৪ আগস্ট ২০২৬

সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারতজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে।

সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার গুরুত্বপূর্ণ অনেকগুলোই এখনো পূরণ হয়নি।

বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনো দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মসূচি ঠিক করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক করবে সিজেপি।

রোববার (২৩ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।

এ পরিস্থিতিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের আচরণে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি।

সিজেপির নেতাদের দাবি, নতুন করে আন্দোলনের পরিস্থিতি তৈরির অন্যতম কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। তাদের অভিযোগ, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে আদালত বারবার সরকারের সহযোগিতা চাইলেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।

দলটি জানিয়েছে, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের একটি সমন্বিত তালিকা জমা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। তালিকা পেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত একযোগে মামলাগুলো বাতিল করার বিষয়টি বিবেচনা করতে পারে বলে সিজেপির দাবি।

তবে আদালতের নির্দেশের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে দলটি।

সিজেপির আরও দাবি, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আন্দোলন-সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তাসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো এখনো পূরণ হয়নি।

দলটি বলেছে, আগের আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। সরকার যেন সেই সদিচ্ছাকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করে-এমন সতর্কবার্তাও দিয়েছে তারা। সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিজেপি।

 

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment