রাজনীতি

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে গত ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্তমান সরকার অত্যন্ত ভঙ্গুর এক অর্থনীতির প্রেক্ষাপটে দেশের দায়িত্বভার গ্রহণ করেছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বস্তরে টেকসই উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের দু’পাশের সৌন্দর্যায়ন ও বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রতিনিয়ত কর্মপরিকল্পনা ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুষম উন্নয়নে এতটাই আন্তরিক যে, সামান্য ঘাস থেকেও কীভাবে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব, সে বিষয় নিয়েও ভাবছেন।

স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম জানান, চলতি ২০২৬ সালের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উক্ত নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রায় ৬ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব ও প্রশাসনিক সুবিধার্থে সাভারের আমিনবাজার ও আশুলিয়াকে পৌরসভায় উন্নীত ও বাস্তবায়ন করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ঢাকা-আরিচা মহাসড়কের ঐতিহ্যবাহী ভাঙ্গা ব্রিজ এলাকার দু’পাশের জমাকৃত দীর্ঘদিনের বর্জ্য ও ময়লা সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণের কাজ চলমান রয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাভারে দায়িত্বরত ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য জ্যেষ্ঠ ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment