চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুরহস্য আবার নতুন করে আলোচনায় এসেছে। হত্যাকাণ্ড হিসেবে মামলাটি পুনরায় তদন্ত শুরু হওয়ায় উঠে আসছে একের পর এক পুরোনো তথ্য ও সাক্ষ্য। আলোচনায় এসেছেন মামলার অন্যতম আসামি খলঅভিনেতা আশরাফুল হক ডন। এরইমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল সংশ্লিষ্ট আদালত। কিন্তু ডন বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। এদিকে, সম্প্রতি আবারও ভাইরাল হয়েছে ৫ বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ ডনের দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ।
ওই সাক্ষাৎকারে জয় ডনকে সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী?’ জবাবে ডন বলেন, ‘ওটা একেবারেই পারিবারিক ব্যাপার। সালমান মানসিকভাবে খুব আপসেট ছিল।’
এই সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান নিয়ে নিয়ে বলেন, ‘‘সেদিন ছিল শুক্রবার। আমি তখন বগুড়ায়। সকালে এলাকার ছোট ভাইদের সঙ্গে নৌকায় খিচুড়ি রান্না করছিলাম। ঘাটে নৌকা ভিড়াতেই দেখি লোকজন চিৎকার করছে ‘ডন ভাই, আপনি এখানে! সালমান শাহ মারা গেছেন।’ আমি তখনও বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ সালমান খুব ভালো ড্রাইভার ছিল, একদম এক্সপার্ট।’’


