দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ের রূপকথা

স্পোর্টস ডেস্ক | ২৩ জুন, ২০২৬

অপেক্ষাটা ছিল দীর্ঘ ২৮ বছরের। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে সেনেগালকে ৩–২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।

গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নিউ ইয়র্ক নিউ জার্সি (মেটলাইফ) স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ দিক পর্যন্ত। ৪৩তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন মার্কুস হোমগ্রেন পেদারসেন। সেনেগালের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে গোল করে দলকে স্বস্তি এনে দেন তিনি।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় নরওয়ে। ম্যাচের ৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের পোস্টার বয় আর্লিং হালান্ড। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি সেনেগাল। ৫৩ মিনিটে ইসমাইলা সারের গোলে ম্যাচে ফেরে তারা।

ম্যাচের ৫৮তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্য থেকে আবারও সেনেগাল গোলরক্ষককে পরাস্ত করে নিজের জোড়া গোল পূর্ণ করেন হালান্ড। ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে নরওয়ে। তবে হাল ছাড়েনি আফ্রিকান পরাশক্তি সেনেগাল। একের পর এক আক্রমণ চালিয়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯৩ মিনিট) আরও একটি গোল শোধ দেন ইসমাইলা সার। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিলো। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভাইকিংসরা।

এই জয়ে শুধু তিন পয়েন্টই পায়নি নরওয়ে, নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিটও। দীর্ঘ প্রায় তিন দশক পর বিশ্বমঞ্চে ফিরেই ইতিহাস লিখে শেষ বত্রিশে পা রাখল হালান্ড-ওডেগার্ডরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   4   =